advertisement

ফ্যাকাসে সময়


সেই তৃষ্ণা আজও বুকের গভীরে মরুভূমি গড়ে তোলে
ঘনকুয়াশার আড়ালে হারিয়ে যাওয়া পাখিটির শোকে
ফ্যাকাশে সময়ের রং বেদনার ছবি আঁকে।
খণ্ডিত হয়েছে জীবনের কতকিছু
আকাশের নীলে নীল হয়ে আছে মনোভূমি
মেঘের জলে চোখের বর্ষায় শাপলাতো ফোটে নি।
হাতড়িয়ে খোঁজা জনসমুদ্রে একটি মানুষ শুধু।
দূরে থেকে কাছে ডাকা অন্য রমণীর আহ্বান
আকর্ষণ হারিয়েছে সময়ের খাদে
গোছা গোছা স্পর্শ এনেছিল বরফউষ্ণতা
গলেছিল অনুভূতির সাতকাহন
সেই সবই শুধু রেখেছে ঘিরে।
ভাঙ্গা-ছেঁড়া হৃদয়ের অলিতে-গলিতে
বিরহের গণ-সঙ্গীত শুধু ওঠে বেজে
প্রেম দিয়ে কেনা হতাশা
নিলামে উঠলে ক্রেতাদের হাঁকানো দাম লাফিয়ে
লাফিয়ে ওঠে,
নিখাদ কষ্ট উৎসারিত বেদনাটুকুর মূল্য শুধু বাড়ে।

No comments